অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

তিনজন আটক

 বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

বিশ্বনাথের অটোরিকশা (সিএনজি) গাড়ি চালক কামরুল ইসলামের (১৯) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের নূরউদ্দিনের ছেলে। শনিবার রাতে দক্ষিণ সুরমা থানার বিবিদলই এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার সকালে জনতার সহযোগিতায় তিনজনকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহূত চাকু ও অটোরিকশা গাড়ি উদ্ধার করা করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

আটককৃতরা হলেন-বিশ্বনাথ উপজেলার আটঘর গ্রামের আবদুর রুপের ছেলে আবদুস সালাম (২৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৩০), সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা আলফু মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩০)।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহত অটোরিকশা চালক বিশ্বনাথ এলাকার বাসিন্দা। আটককৃতদের বিশ্বনাথ পুলিশ নিয়ে আসে। এরপর আটককৃতদের নিয়ে অভিযানে হত্যায় ব্যবহূত চাকু ও অটোরিকশা উদ্ধার করা হয়।