সিরাজগঞ্জের চৌহালীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণকারী ১৩ ভুয়া পিইসি পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।রবিবার আনন্দ স্কুলের পিইসি পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে তাদের বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুকুরিয়া কোদালিয়া ও বাকুলিয়া কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অভিযান চালিয়ে তাদের বহিষ্কার করে। প্রাথমিকভাবে তাদের নাম জানাতে পারেনি উপজেলা প্রশাসন।
জানা গেছে, ২০১৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের রক্স প্রকল্পের আওতায় চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে ৭৪টি কেন্দ্র আনন্দ স্কুল পরিচালনা করে আসছে। মূলত চরাঞ্চলের ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আনন্দ স্কুল তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে তাদের কর্মকাণ্ড নিয়ে অতীত হতেই নানা সমালোচনা চলছিল। হঠাৎ রবিবার পুকুরিয়া কোদালিয়া ও বাকুলিয়া পরীক্ষা চলাকালে কেন্দ্রে ওই এলাকার ১৩ জন মাধ্যমিকে অধ্যয়নরত শিক্ষার্থী অংশ নিয়েছিল। খবর পেয়ে ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকরা ছাড়িয়ে নেন।
আরও পড়ুন: ৪১ রোহিঙ্গাকে সোনাদিয়ায় নামিয়ে বলা হলো ‘মালয়েশিয়া’
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন, চলমান পিইসি পরীক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীর অংশগ্রহণের খবর পেয়ে ভুয়া পরীক্ষার্থীদের সনাক্ত করে তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়ীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে চৌহালী ডিগ্রি কলেজে চলমান ডিগ্রী ১ম বর্ষের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন। এরা হলো, রুবেল আহমেদ ও রাজিব সিকদার।
ইত্তেফাক/এএএম