পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘একজন পুরুষ শিক্ষিত হলে শুধু তিনি নিজেই শিক্ষিত হন। আর একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়, একটি গ্রাম সর্বোপরি একটি দেশ শিক্ষিত হয়। তাই শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লে পুরো দেশ উপকৃত হবে।’
রবিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর প্রায় দুই কোটি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে। বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে শিক্ষা বৃত্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আরো পড়ুন: টাকার লোভে ১৪ বছরে ২৮৬ বিয়ে
জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সীমান্তিকের চীফ পেট্রন ড. আহমদ আল কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ প্রমুখ।
প্রসঙ্গত, এদিন জেলা পরিষদের উদ্যোগে ২০১৮-১৯ অর্থবছরে ২১৮ জন শিক্ষার্থীকে ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা বৃত্তি প্রধান করা হয়।
ইত্তেফাক/বিএএফ