কুমিল্লা প্রতিনিধি
রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, জামায়াত বর্তমানে বিএনপির মার্কা নিয়ে ভোট চাইতে এসেছে। এরা বারে বারে রঙ-রূপ পাল্টায়। আওয়ামী লীগ কোনোদিন কারো কাছে ধার করা মার্কা নিয়ে মাঠে আসে না। আওয়ামী লীগ সৃষ্টি হওয়ার পর থেকেই নৌকা নিয়ে নির্বাচন করেছে, এখনও নৌকা নিয়ে মাঠে এসেছে। আর ধর্ম ব্যবসায়ীরা অতীতে ইসলামের নাম ব্যবহার করে নির্বাচিত হয়েছে। তারা মুখে বলে ধর্মের জন্য অনেক কিছু করবে, কিন্তু নির্বাচিত হলে মসজিদ মাদ্রাসার জন্য কিছুই করে না। ধর্ম ব্যবসায়ীরা সুযোগ সন্ধানী, তাই দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
শনিবার কুমিল্লা-১১ সংসদীয় আসনের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন। চৌদ্দগ্রামের জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, চৌদ্দগ্রামে আমার সাথে যারা নির্বাচনে আসেন তারা একজন নিজেকে জমিদারের ছেলে আর অন্যজন পীরের ছেলে পরিচয় দেন। তারা নির্বাচিত হলে সাধারণ মানুষকে ভুলে যান। আমি একজন কৃষকের ছেলে এটাই আমার বড় পরিচয়। তাই বলি কৃষকের ছেলে এমপি হলে চৌদ্দগ্রামের মানুষকে ভুলে না। আমি অতীতেও আপনাদের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আজীবন থাকবো।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান মুরাদ, সদস্য ইসহাক খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন প্রমুখ।