গুরুতর নয় সাকিবের চোট

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

নেটে সাইফউদ্দিন পুরো উদ্যামে বল করছিলেন। তার একটা ইয়র্কার খেলতে গিয়ে পরাস্ত হলেন অধিনায়ক সাকিব আল হাসান। আর বল গিয়ে পেছনের পায়ের সামনের দিকে আঘাত করলো। সাথে সাথেই মাঠ ছাড়লেন সাকিব। নির্ধারিত সংবাদ সম্মেলনেও আসতে পারলেন না।

একটু দুশ্চিন্তা ছড়িয়ে পড়ার পর অবশ্য কোচ স্টিভ রোডস এবং বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করলেন যে, সাকিবের চোট খুব গুরুতর নয়। তিনি আগামীকাল খেলবেন বলেই আশাবাদ জানালেন দু’জন।

সাকিবের চোট সম্পর্কে বলতে গিয়ে কোচ স্টিভ রোডস বললেন, ‘ও ভালো আছে। ওর ছোট্ট একটা আঘাত লেগেছে। সাইফউদ্দিনের বলে পায়ে আঘাত পেয়েছে। সাইফউদ্দিন খুব ভালো একটা ইয়র্কার করেছিল। বলটা ওর বুড়ো আঙুলে আঘাত করেছে। ও ঠিক হয়ে যাবে। সে হাসিখুশি আছে। এখন পায়ে বরফ দেওয়া হচ্ছে।’

অন্য দিকে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ বলেছেন, রাতে ব্যথা না বাড়লে চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি, ‘ওর পায়ে লেগেছে। স্বাভাবিকভাবেই এখন ব্যথা আছে। তবে ও খুব বেশি ব্যথার অভিযোগ করেনি। রাতে যদি ব্যথা কোনো কারণে বাড়ে, তাহলে হয়তো একটা পরীক্ষা করা হবে। নইলে সেটারও দরকার হবে না। এখন পর্যন্ত যে অবস্থা, ওর খেলা নিয়ে কোনো সংশয় নেই।’