স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে দু’টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায়শ তারা বলে থাকে, আজকের দিনে এটাই ওয়েস্ট ইন্ডিজের প্রিয় ফরম্যাট। কিন্তু এই ফরম্যাটেও সর্বশেষ পাঁচ ম্যাচে জয় নেই তাদের। সর্বশেষ ১৩ ম্যাচে ২টি মাত্র জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়দের টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট তাই বলছিলেন, তাদের কাছ থেকে একটা জয় এখন দেশবাসীর পাওনা হয়ে গেছে। আর সেই বড় দিনের উপহারটা বাংলাদেশ থেকেই নিয়ে ফিরতে চায় ক্যারিবিয়রা।
জয়ের জন্য তারা কেমন মুখিয়ে আছেন, সেটা বোঝাতে গিয়ে ব্রাথওয়েট বলছিলেন, ‘দেশে লোকজনের একটা ক্রিসমাস উপহার পাওনা হয়ে আছে। আমরা আশা করছি, এই বছরটা আমরা একটা জয় দিয়ে শেষ করতে পারব। আমরা এখনো মনে করি, টি-টোয়েন্টি আমাদের প্রধান ফরম্যাট। যদিও সাম্প্রতিক অতীতে আমরা গর্ব করার মতো ফলাফল পাচ্ছি না। তবে এখনো একটা ভালো সম্ভাবনা আছে যে, ২০১৮ সালে আমরা ঘুরে দাঁড়াতে পারব এবং ভালো ফলাফল পাব।’
ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিতে পারেন এই সময়ের অন্যতম সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় এভিন লুইস। দলে তার থাকাকে একটা বড় ব্যাপার উল্লেখ করে ক্যারিবিয় অধিনায়ক বলছিলেন, ‘আমরা মনে করি, ও আমাদের জন্য একটা ভালো সংযোজন। সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। গত ১৮ মাস বা এরকম সময়ে সে তিনটা টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছে। সেই সঙ্গে আঞ্চলিক ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও সে সেঞ্চুরি পেয়েছে। সে যে কোনো দলের জন্য একজন বড় খেলোয়াড়। আমাদের দলে তার থাকাটা ইতিবাচক ব্যাপার। আশা করছি সে এখানেও কিছু বড় পারফরম্যান্স করবে। যাতে আমরা এই ম্যাচটা ও সিরিজ জিততে পারি।’
দল সম্প্রতি ভালো না করলেও ব্রাথওয়েটের বিশ্বাস, তারা সঠিক পথেই আছেন। নিজের পারফরম্যান্স নিয়ে এই ওয়েস্ট ইন্ডিয়ান বলছিলেন, ‘আপনি যদি ভারতের বিপক্ষে সিরিজের দিকে ফিরে তাকান, সেখানে আমরা হেরে গেলেও প্রথম ও শেষ ম্যাচে দেখাতে পেরেছি যে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কী করতে পারে। ওই আবেগ, বিশ্বাস ও আকাঙ্ক্ষাটা আমরা দেখাতে পেরেছি। প্রথম ম্যাচে আমরা ছোট একটা স্কোর ডিফেন্ড করার চেষ্টা করেছি। আর শেষ ম্যাচে আমরা শেষ বল পর্যন্ত লড়াইটা নিয়ে যেতে পেরেছি।’
বাংলাদেশে যে-কোনো মূল্যে জয়ে ফিরতে ব্যাটসম্যানদের কাছ থেকে আরেকটু চেষ্টা চান অধিনায়ক। তিনি বলছিলেন, ‘আমরা যদি আরেকটু পেশাদার হতে পারি, বিশেষ করে ব্যাট হাতে, তাহলে আমাদের আবেগ ও জয়ের ক্ষুধা আমাদের জয়ের ওপারে নিয়ে যেতে পারে। আমরা শুধু জয়ের কাছে যেতে চাই না; জয় চাই। আমরা জয়ের পথ খুঁজে পেতে চাই। আর কাজটা নিয়মিত করতে চাই।’