স্পোর্টস রিপোর্টার
প্রথমবারের মত ওয়ানডে র্যাংকিংয়ের সেরা পাঁচে চলে আসলেন বাংলাদেশের কোনো বোলার। তিনি হলেন মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এই পেসারের রেটিং পয়েন্ট ৬৯৫। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজে মুস্তাফিজুর রহমান পেয়েছেন পাঁচ উইকেট। এরই সুবাদে র্যাংকিয়ে পাঁচ ধাপ উন্নতি হয় কাটার মাস্টারের। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। এর পরের তিনজন হলেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান, ভারতের কুলদীপ যাদব ও দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে আছেন স্বাগতিক বাংলাদেশ দলের ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দু’জনই পেয়েছেন ছয়টি করে উইকেট। মিরাজ ১৯ ধাপ এগিয়ে ২৮-এ চলে এসেছেন। আর মাশরাফি ১০ ধাপ এগিয়ে এসেছেন ২৩-এ। শীর্ষ ৩০-এ আর মাত্র একজন বাংলাদেশি বোলারই আছেন। তিনি হলেন ২৬-এ থাকা সাকিব আল হাসান।
সাকিবের জন্য আরেকটি সু:সংবাদ হল ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ফিরে পাওয়ার দুয়ারে চলে এসেছেন সাকিব। এখন শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৩৫৩। তার থেকে এখন মাত্র এক রেটিং পয়েন্ট কম দিয়ে দুইয়ে আছেন সাকিব।
ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন সফরকারী দলের ওপেনার শাই হোপ। ৩ ম্যাচের ৩ ইনিংসে ২৯৭ গড়ে ২টি অপরাজিত সেঞ্চুরিসহ মোট ২৯৭ রান করেছেন তিনি। সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১৪৬ রান করেন হোপ। তার ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেটে স্মরণীয় এক জয়ের পাশাপাশি সিরিজে সমতা আনে ক্যারিবীয়রা। এরপর সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ১০৮ রান করেন হোপ। তবে তার এই সেঞ্চুরি বিফলে যায়। কারণ ম্যাচটি ৮ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করে ক্যারিবীয়রা।
এর সুবাদে র্যাংকিংয়ে বড় অগ্রগতি হয়েছে হোপের। তিনি ১৭ ধাপ এগিয়ে চলে এসেছেন সেরা ১০-এ। তার অবস্থান এখন ৮-এ। রেটিং পয়েন্ট ৭৮০। এটাই হোপের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। টেস্টে পারফরম করলেও ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন শিমরন হেটমায়ার। তাই ১৪ ধাপ পিছিয়ে তিনি এখন আছেন ৪০-এ।