নাশকতার অভিযোগে ওসমানীনগর থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক গয়াছ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে মামলার অভিযুক্তরা হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্যান্যরা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম ইসলাম, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বকুল, বিএনপি নেতা সাদীপুর ইউপি সদস্য বখতিয়া হোসেন, বিএনপি নেতা জামাল চৌধুরী, ইমরুল চৌধুরী,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদুর রহমান ও জুয়েল আহমদ।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে সিলেট বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ওসমানীনগর থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলাটি রুজু করে। সম্প্রতি ওই মামলায় ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়াসহ মামলার অন্যান্য অভিযুক্তরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের অস্থায়ী জামিন শেষে সোমবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
আসামি পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, 'নাশকতার অভিযোগে মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীর জামিনের আবেদন করলে, মাননীয় বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিজ্ঞ নিম্ন-আদালত থেকে মামলার নথি প্রাপ্তি সাপেক্ষে আগামী ধার্য তারিখকে জামিন আবেদনটির শুনানির পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে ।
ইত্তেফাক/জেডএইচডি