মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ভূখা মিছিল করেছেন নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। সোমবার সকালে হাতে থালা-বাটি ও ব্যানার, ফেস্টুন নিয়ে ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে মিছিলটি বের করেন শ্রমিকরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিল গেইটে গিয়ে শেষ হয় মিছিলটি।
বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেন। দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফএর টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবী না মানায় সরকারের তীব্র সমালোচনা করে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পদত্যাগ দাবী করেন তারা। অচিরেই দাবী না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: সিইসি-সচিবের ওপর ক্ষুব্ধ চার কমিশনার!
এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএইচএম