মহাজোটের পরাজয় মানে উন্নয়ন ও অগ্রগতির পরাজয় :ফিরোজ রশীদ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা-৬ আসনে মহাজোটের একক প্রার্থী কাজী ফিরোজ রশীদ বলেছেন, বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে এবং দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে গেছে তাতে সুষ্ঠু ভোট হলে দেশবাসী পুনরায় মহাজোটকে ক্ষমতায় বসাবে। মনে রাখতে হবে মহাজোটের পরাজয় মানে উন্নয়ন ও অগ্রগতির পরাজয়। দেশবিরোধী শক্তি চায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হোক। তাই মহাজোট ও নির্বাচন নিয়ে নানা ধরনের কুত্সা রটাচ্ছে। গতকাল রবিবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় বিভিন্ন পথসভায় তিনি একথা বলেন।

ফিরোজ রশীদ সকালে পুরান ঢাকার পাতলাখান লেনে ‘লাঙ্গল’ মার্কায় ভোট চান। এসময় স্থানীয় যুবলীগ ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তিনি সেন্ট্রাল গার্লস স্কুলে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। পরে লক্ষ্মীবাজার ও ধোলাইখালে লাঙ্গলের পক্ষে প্রচার মিছিলের নেতৃত্ব দেন। বিকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে যুবলীগ আয়োজিত এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপন প্রমুখ।