চট্টগ্রাম অফিস
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে ৪৮তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দিনের প্রথম প্রহরে শহীদ বেদীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। পুলিশ সদস্যদের সশস্ত্র অভিবাদনের পর শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি নগর আওয়ামী লীগের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে নগর কমিটির নেতারা শহীদ মিনারে ফুল দেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ নেতারা দেশবিরোধী অপশক্তিকে পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এরপর একে একে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নূরেআলম মিনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। আওয়ামী লীগ, ুবিএনপির পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। পেশাজীবী সংগঠনের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ মহিলা সমিতি, আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানসহ কয়েক’শ নেতাকর্মী এতে অংশ নেন। চেরাগী পাহাড়ে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী আয়োজন করে উদীচী। জেলা প্রশাসনের উদ্যোগে এমএ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় বর্ণাঢ্য ডিসপ্লে আয়োজন করা হয়।