খুলনা অফিস
ছুটির দিনে খুলনায় জমজমাট প্রচারণা চালিয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। নগরীর খুলনা-২ ও খুলনা-৩ আসনের পাশাপাশি জেলার খুলনা-১, খুলনা-৪, খুলনা-৫ ও খুলনা-৬ আসনের প্রার্থীরাও গণসংযোগে সক্রিয় ছিলেন। প্রতিদিনের মতো গত শুক্রবার ছুটির দিনেও সকাল থেকে রাত অবধি প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে নারী কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের মনজয়ের চেষ্টা চালাচ্ছেন। ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জোরদার হচ্ছে।
গণসংযোগকালে খুলনা-২ আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বলেছেন, বিজয়ের মাসে কোনো অপশক্তি নৌকার বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। শুক্রবার দিনব্যাপী ৩১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন নগরীর বিভিন্ন এলাকায় ১৪ দলের গণসংযোগকালে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন ন্যাপ সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, জেপি’র কেন্দ্রীয় নেতা ডা. অধ্যক্ষ এন এম আলম সিদ্দিকী, ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ।
একইভাবে খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের পক্ষে প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনার নেতৃত্বে মিছিল বের হয়। খুলনা-১ আসনে পঞ্চানন বিশ্বাস, খুলনা-৪ আসনে আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনে নারায়ণচন্দ্র চন্দ এবং খুলনা-৬ আসনে আক্তারুজ্জামান বাবুর পক্ষেও গণসংযোগ করা হয়।
অপরদিকে খুলনা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রূপসা পাইকারি মাছ বাজার এবং নিউ মার্কেট কাঁচা বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ভোটারদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেন এবং সকল বাধা-বিপত্তি ও হুমকি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এবার ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নের পাশাপাশি কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, মাওলানা নাসিরউদ্দিন, সিরাজউদ্দিন সেন্টু এবং বিএনপি নেতাদের মধ্যে অ্যাডভোকেট বজলুর রহমান, রেহানা আক্তার প্রমুখ।
খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনে আমীর এজাজ খান, খুলনা-৪ আসনে আজিজুল বারি হেলাল, খুলনা-৫ আসনে জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং খুলনা-৬ আসনে জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদের পক্ষেও ব্যাপক গণসংযোগ করা হয়।
এছাড়া খুলনার উল্লিখিত আসনগুলোতে অন্যান্য দলের প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরাও নিজ দল ও প্রার্থীর বিজয়ের লক্ষ্যে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। একই সঙ্গে নগর ও জেলা জুড়ে চলছে মাইকিং, হ্যান্ডবিল, লিফলেট বিতরণ।