পিএসসি পরীক্ষা শেষে ধর্ষণের শিকার কন্যাশিশু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পিএসসি পরীক্ষার্থী কন্যাশিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সমাপনী পরীক্ষা শেষে ওই শিশুটিকে প্রতিবেশী রিকশাচালক হাবিবুল্লাহ ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। 

মঙ্গলবার আদালতে ধর্ষিতার ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। শিশুটিকে জেলা শহর শেরপুর ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

ভিকটিমের মা জানান, পঞ্চম শ্রেণির ছাত্রী তার কন্যাকে প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে আনা-নেওয়ার জন্য প্রতিবেশী রিকশাচালক হাবিবুল্লাহকে চুক্তি দেওয়া হয়। সেই অনুযায়ী হাবিবুল্লাহ প্রতিদিন তার কন্যাকে পরীক্ষা কেন্দ্রে আনা-নেওয়ার করতো। রবিবার পরীক্ষা শেষে হাবিবুল্লাহ ছাত্রীকে পাহাড় দেখানোর কথা বলে অজ্ঞাত নির্জনস্থানে নিয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য ভয়-ভীতি দেখায়। বাড়ি ফিরে শিশুটি অস্বাভাবিক আচরণ করায় পরিবারের সন্দেহ হয়। পরে কারণ জানতে চাইলে সব খুলে বলে। 

আরো পড়ুন: খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিএনপির অবস্থান, সব গেট বন্ধ

সোমবার ভুক্তভোগীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন। থানায় মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে শিশুটিকে দেখতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন গিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচ