৭১’র চেতনা ধূসর হয়ে গেছে —রামেন্দু মজুমদার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেছেন, বাংলাদেশে একাত্তরের চেতনা ধূসর হয়ে গেছে এবং বদলেও গেছে। আমাদের ১৯৭২ সালে রচিত মূল সংবিধানে যেসব মূলনীতির কথা ছিল তা এখন পরিবর্তিত হয়ে গেছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত শুক্রবার কবি শামসুর রাহমান মিলনায়তনে বাংলা একাডেমি আয়োজিত বুদ্ধিজীবীর দায় শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর পরই রাষ্ট্রীয় মূলনীতি মূছে ফেলা হয়েছে। ধর্মনিরপেক্ষতার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাঙালি জাতীয়তাবাদকে পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হয়েছে।

বুদ্ধিজীবীরা এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না উল্লেখ করে তিনি বলেন, বুদ্ধিজীবীর প্রতিবাদী চরিত্র আমরা অনেকেই হারিয়ে ফেলেছি। বুদ্ধিজীবীরা যদি দেশের মানুষের কল্যাণের কথা ভেবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো তবে আদর্শিক জায়গায় বাংলাদেশ এতো পিছিয়ে পড়তো না। বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রদ্ধা করার মতো শিক্ষক কমছে জানিয়ে তিনি বলেন, এখানে শিক্ষকরা দলীয় অথবা প্রতিষ্ঠানগত রাজনীতিতে অনেক সময় ব্যয় করেন। ছাত্রদেরও ব্যবহার করেন কোনো কোনো সময়। শিক্ষার মানের চাইতে দ্বিগুণ হারে বাড়ছে উপাচার্য ও উপাচার্য হওয়ার প্রতিযোগিতা। আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করে অধ্যাপক হতে চাইতেন। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিযোগিতা করে উপাচার্য আর উপ-উপাচার্য হতে চান। 

সভাপতির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে গঠিত রাষ্ট্র হিসেবে দেখানো হয় অথচ বাংলাদেশ কখনো সাম্প্রদায়িকতার ভিত্তিতে গঠিত হয়নি। বাংলাদেশ গঠিত হয়েছে ভাষার ভিত্তিতে। কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে সাম্প্রদায়িকতা। এসময় তিনি আগামী নির্বাচনে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।