বরিশাল অফিস
বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং বিভাগীয় আনসার ও ভিডিপি কার্যালয়ের সহযোগিতায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের তথ্য, চিত্র ও দলিলপত্রের ১৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বিভাগীয় আনসার ও ভিডিপি কার্যালয়ের হল রুমে সকাল পৌনে ৯টা থেকে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুুলিশ সুপার সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, আলী জসিম, সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, বর্তমান কোষাধ্যক্ষ আরিফ সুমন প্রমুুখ। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বই-পত্র ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহূত নানা উপকরণ, চিঠি, ডায়েরি, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হয়। প্রায় ৪শ’ মুক্তিযুদ্ধের বই, ৩শ’ ছবি, মুক্তিযুদ্ধে ব্যবহূত গানবোটের কামানের গোলা, রেডিও, শত্রুপক্ষের নৌযান ডুবিয়ে ফেলার কাজে ব্যবহূত মাইনের খণ্ডাংশ, মুক্তিযুদ্ধে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে স্থাপিত দক্ষিণাঞ্চলীয় সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, মুদ্রণে ব্যবহূত সাইক্লোস্টাইল মেশিন, বেশ কয়েকটি বন্দুক, মুক্তিযুদ্ধের পর বরিশালে প্রথম ভাস্কর্য বিজয় বিহঙ্গের ডিজাইন, ১৯৭১ সালে নৌ কমান্ডোদের ব্যবহূত কস্টিউম এবং বাংলাদেশের প্রথম সংবিধান (যা সম্পূর্ণ হাতে লেখা) নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা এবং শান্তি কমিটির একটি চিঠিও রয়েছে প্রদর্শনীতে। পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন নানান চিত্র ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রদর্শন করা হয়। চলাকালে নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রদর্শনী পরিদর্শন করেন।