১০ হাজার ডলার পর্যন্ত অগ্রিম আমদানি বিল পরিশোধ করতে পারবে ব্যাংকগুলো

g ইত্তেফাক রিপোর্ট

আমদানির বিপরীতে ব্যাংকগুলো এখন থেকে আরো বেশি অগ্রিম অর্থ পরিশোধ করার সুযোগ পাবে। ব্যাংকগুলো আমদানির বিপরীতে ১০ হাজার ডলার বা সমপরিমাণ অর্থ অগ্রিম পরিশোধ করতে পারবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। আগে এ পরিমাণ ছিল ৫ হাজার ডলার বা সমপরিমাণ অর্থ। সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আমদানিকারকদের সুবিধার্থে নতুন এ নিয়ম করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, আমদানির বিপরীতে অগ্রিম প্রদানের জন্য ৫ হাজার ডলারের সীমা কয়েক বছর আগে নির্ধারণ করা হয়েছিল। এখন ব্যবসায়-বাণিজ্যের পরিধি বেড়েছে। তাই এ সীমা সময়োপযোগী করতে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, অনুমোদিত পণ্য ও সেবা  আমদানির বিপরীতে ১০ হাজার ডলারের ওপরের অর্থ পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের থেকে পূর্বানুমোদন নিতে হবে।

শিগিগরই এ নির্দেশনা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। আমদানির বিপরীতে অগ্রিম অর্থ পরিশোধের সীমা ছাড়া অন্যান্য বিষয় বৈদেশিক মুদ্রা লেনদেন গাইডলাইন অনুযায়ী পরিচালিত হবে।

প্রসঙ্গত আমদানিকারকদের মতো রপ্তানিকারকরাও সুবিধা পেয়ে থাকেন। রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই এক্সপোর্ট রিটেনশন কোট (ইআরকিউ) থেকে ২৫ হাজার ডলার ব্যয় করতে পারেন।