টঙ্গীতে চাঁদাবাজির সময় চার ভুয়া ডিবি পুলিশ আটক

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীর মরকুন এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময় চার জনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এরা হলো—স্বপন শেখ, মো. রাজীব চৌধুরী, মো. খোরশেদ আলম ও মো. রাশেদুল ইসলাম। সোমবার রাতে ঐ এলাকার মধ্যপাড়া থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত্ এ চক্রটি গাজীপুরের বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে লোকজনের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিল। ঘটনার দিন মধ্যরাতের পর তারা মরকুনের মধ্যপাড়া এলাকায় লোকজনকে বিভিন্ন ধরনের মামলার ভয় দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এ সময় তাদের অপর এক সঙ্গী পালিয়ে যায়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ আসছে ভেবে ভয়ে ছাদ

থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

টঙ্গীর উত্তর দত্তপাড়া এলাকায় গত সোমবার গভীর রাতে পুলিশের ভয়ে আলমগীর (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ী বাড়ির ছাদ থেকে আমগাছ বেয়ে নেমে পালাতে গিয়ে গাছ থেকে পড়ে নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল মর্গে পাঠিয়েছে। নিহত আলমগীর টঙ্গীর উত্তর দত্তপাড়া টেকবাড়ী রোডের এক বাসায় ভাড়া থাকতেন। তিনি ঠাকুরগাঁও জেলার চন্দিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে জমিসংক্রান্ত মামলা চলছিল। সোমবার রাত দেড়টার দিকে আলমগীরের প্রতিবেশী মূল ফটকে নক করলে পুলিশ আসছে মনে করে আতঙ্কে তিনি তড়িঘড়ি করে ছাদে গিয়ে আমগাছ বেয়ে নামতে গেলে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড়ো ছেলে শান্ত বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।