সাতক্ষীরা প্রতিনিধি
নাশকতার একটি মামলায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সাতক্ষীরা চার আসনের (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) মাওলানা আব্দুল বারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা তিনটায় শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) ও জামায়াতের সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল বারী, পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রউফ ও জামায়াত নেতা শেখ আব্দুল বারীসহ ছয়জন।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বংশীপুর এলাকা থেকে নাশকতার একটি মামলায় জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল বারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।