চাঞ্চল্যকর এমপি লিটন হত্যা মামলার রায় কাল

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এর আদালতে এই রায় ঘোষণা করা হবে।

রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের দীর্ঘ ১৮ মাস যুক্তিতর্ক শেষে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) এই রায় ঘোষণার দিন নির্ধারণ করেন বিচারক। 

এই হত্যাকাণ্ডের পর দুটি মামলা দায়ের হয়। একটি হত্যা মামলা ও অপরটি অস্ত্র মামলা। অস্ত্র মামলায় একমাত্র আসামি একই আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত কর্নেল ডাঃ আবদুল কাদের খানকে গত ১২ জুন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রসঙ্গত. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে মারা যান সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। পরদিন এ ঘটনায় লিটনের বড় বোন ফাহমিদা কাকলী বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে এই হত্যা মামলায় কাদের খানসহ আট জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

ইত্তেফাক/এএএম