গণতান্ত্রিক দেশের সরকারি ব্যবস্থায় ইউনিয়ন বোর্ড সুশাসনের অন্যতম মাধ্যম, যা জনগণের সেবায় নিয়োজিত। কিন্তু প্রশ্ন হলো—তা কি সুসেবা যথাযথভাবে প্রদান করছে নাকি সুসেবার নামে চলছে অনিয়ম? নিয়মানুযায়ী ইউনিয়ন বোর্ড থেকে জন্ম সনদ, প্রশংসাপত্র, নাগরিক সনদ বিনামূল্যে বিতরণ করার কথা। কিন্তু বগুড়া জেলার গাবতলি থানার ৩ নম্বর ওয়ার্ড রামেশ্বরপুর ইউনিয়ন বোর্ডে জন্ম-সনদের জন্য ২০০ থেকে ৪০০ টাকা, চেয়ারম্যানের প্রশংসাপত্র নিতে ৫০ থেকে ১০০ টাকা, নাগরিকের চারিত্রিক সনদের জন্য ১০০ থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে, যা সমপূর্ণ অবৈধ। এমনকি বর্তমান ইউনিয়ন বোর্ডের মেম্বার হয়েও এগুলো নিতে গেলে টাকা লাগে। আর বাধ্য হয়েই জনসাধারণকে টাকা দিতে হয়। কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তি চাহিবামাত্র বিনামূল্যে পেয়ে যান। সামান্য এই কাগজগুলোও যদি টাকা দিয়ে আমাদের মতো আমজনতার নিতে হয়, তাহলে আমরা কোথায় সরকারি সেবা পাব? বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন জানাচ্ছি।
শাহিন আলম
রামেশ্বরপুর ইউনিয়ন, গাবতলি, বগুড়া