ম্যাচের আগের দিনই ব্যাটিং অনুশীলন করতে গিয়ে চোট পেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
চোটের শুশ্রূষা করতে থাকায় সংবাদ সম্মেলনে আসতে পারলেন না। তবে কোচ স্টিভ রোডস জানালেন, চোট গুরুতর কিছু নয়। আজ খেলতে পারবেন সাকিব। এই সাকিবের চোট ছাড়া বাংলাদেশের আর কোনো দুশ্চিন্তা নেই। টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজ নিয়েই টি-টোয়েন্টি অভিযান শুরু করবে আজ বাংলাদেশ।
টেস্ট ও ওয়ানডেতে পর্যুদস্ত হলেও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে বেশ শক্তিধর দল। আর এই দলটির বিপক্ষেই আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ বেলা সাড়ে বারোটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের এই প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বলা হয়, ফরম্যাট যতো ছোট হয়, ওয়েস্ট ইন্ডিজ ততো শক্তিশালী দল হয়ে ওঠে। এই সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টির দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। যদিও দলে এখনও নেই ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়রা। তারপরও এই টি-টোয়েন্টি দলে যোগ হয়েছেন এভিন লুইস, নিকোলাস পুরান বা কেসরিক উইলিয়ামস। এদের ওপর ভর করে বাংলাদেশ থেকে একটা সাফল্যের সিরিজ অন্তত নিয়ে ফিরতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয় অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট বললেন, তারা এই ফরম্যাটে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী।
অন্যদিকে বাংলাদেশ দলেও কিছু পরিবর্তন আছে। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন যথারীতি সাকিব। তার এই দলে বেশ কয়েকজন বিশেষজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড় আছেন। তারাও দেশের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এই সিরিজটাও জিতে রাখতে চান। দলের কোচ স্টিভ রোডস বলছেন, টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে যে আত্মবিশ্বাস তারা পেয়েছেন, সেটাকে কাজে লাগাতে চান।
সিলেটের এই উইকেটে মিরপুরের চেয়ে ব্যাটসম্যানদের জন্য সহায়তা বেশি থাকবে বলেই দুই দল মনে করছে। তারপরও লড়াইটায় শেষ পর্যন্ত স্পিনাররাই গতি ঠিক করে দিতে পারেন। অন্তত ওয়েস্ট ইন্ডিয়ানরা মনে করছেন, এই ২০ ওভারের ম্যাচেও বড় ভূমিকা রাখতে পারেন স্পিনাররা।
বাংলাদেশের সামগ্রিক টি-টোয়েন্টি রেকর্ড ওয়ানডে বা টেস্টের তুলনায় খুব একটা ভালো নয়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে বেশ একটা সমতা আছে। আজকের ম্যাচে আগ পর্যন্ত দুই দল মোট ৯ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে দুই দলই ৪টি করে ম্যাচ জিতেছে। একটি ম্যাচে ফলাফল আসেনি।
আজ দুই দলই নিশ্চয়ই এগিয়ে যেতে চাইবে।