কামাল হোসেনের ধমকের জবাব জনগণ ৩০ ডিসেম্বর ভোটে দেবে :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কামাল হোসেন উর্দু ভাষায় সাংবাদিকদের যে ধমক দিয়েছেন তার জবাব জনগণ আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোটের মাধ্যমে দিবে। গতকাল রবিবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিজয় মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিজয়ের মাসে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ও ১৪ দল পরাজিত হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন, বিদ্যুত্ সমস্যার সমাধান করেছেন, দেশে শান্তি ফিরিয়ে এনেছেন, দেশ সার্বিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোহাম্মদ নাসিম বলেন, আমরা হামলা-মামলাতে বিশ্বাসী নই। জনগণের মন জয় করেই আমরা ক্ষমতায় আসতে চাই। একাত্তর সালে রাজাকার, মুক্তিযুদ্ধের বিরোধীরা ছিল, এখনো আছে। এবার নতুন করে মীরজাফরের জন্ম হয়েছে। ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকীরা রাজাকারদের পক্ষে সাফাই গান। স্বাধীনতা বিরোধীদের নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের কামাল হোসেন ধমক দেন। আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে এই ধমকের জবাব দিতে হবে।

বিজয় মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ বিজয় মঞ্চে আলোচনা সভা, নাটক, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে। চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। তবে এ বিজয় মঞ্চের অনুষ্ঠান ৩০ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হতে পারে বলেও আয়োজকরা জানান।

সভাপতির বক্তৃতায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ড. কামাল হোসেন ঐক্যফ্রন্ট করে রাজাকারদের পক্ষ নিয়েছেন। আমরা বলতে চাই কোনো যুদ্ধাপরাধী ও তাদের সন্তান এই নির্বাচনে নির্বাচিত হলেও আমরা তাদেরকে সংসদে ঢুকতে দেব না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ওসমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পরে চলে যান তাঁর নির্বাচনী এলাকায় কাজীপুরে। সেখানে উপজেলা পরিষদের ডাকবাংলো সংলগ্ন বেসরকারি অর্থায়নে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মোহাম্মদ নাসিম। পরে মন্ত্রী কাজীপুরে স্থাপিত বিজয় মঞ্চের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, বিজয়ের মাস ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আরও একটি বিজয় অর্জন হবে। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।