কক্সবাজারের সদর উপজেলার বাংলা বাজারে পিকআপ চাপায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলা বাজারের বাগ্গুলার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার আবুল বশর (৮৫) এবং উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফরহাদ (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পূর্বদিক দিক থেকে বেপরোয়া গতিতে আসা লিংকরোডগামী একটি পিকআপ বাগ্গুলার দোকান সংলগ্ন ফজলিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এসময় রাস্তার পাশে দাঁড়ানো আবুল বশর ও ফরহাদ পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হেলপার বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে এসে ওই পিকআপে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ক্রেনের সাহায্যে গাড়ি সরিয়ে নিহতদের উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পিকআপের মালিক ও চালককে খোঁজা হচ্ছে বলে জানান ওসি।
ইত্তেফাক/এএএম