দেশের উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দিন ---------পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে তিনি এই যাত্রা শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের গণতন্ত্র ও উন্নয়নের যাত্রা থমকে দাঁড়ায় এবং উত্থান ঘটে স্বৈরাচার ও অগণতান্ত্রিক সরকারের। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং নানা চড়াই-উত্রাই এর মধ্য দিয়ে দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত। মন্ত্রী রবিবার তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাকই ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, আর স্বাধীনতা পেয়েছে বলেই সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে আছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে এবং জঙ্গিবাদ আর বাংলা ভাইয়ের জন্ম হবে। জনগণের প্রতি তার আহ্বান, দেশের উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দিন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আবারো              নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করুন।

মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাকই ইউনিয়নের নুরপুর, মোহনপুর, জয়শ্রী, কাপাসতলা, রসুলপুর এলাকায় গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। এ সময় কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন অপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।