নির্বাচন কমিশন একটা পুতুল

নির্বাচনী প্রচারণা চালানোর সময় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও সংঘর্ষের ঘটনা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসব ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা পুতুলের মতো বলে মন্তব্য করেছে দলটির নেতারা।

গতকাল রবিবার বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করে। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও আতাউর রহমান ঢালী। সচিবের সঙ্গে সাক্ষাত্ করে তারা ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি প্রার্থীদের ওপর হামলা ও গ্রেপ্তারের কয়েকটি ঘটনা উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।

পরে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, ঢাকাতে এখন পর্যন্ত বিএনপির কোনো প্রার্থী প্রচারণায় নামতে পারেনি। পুলিশ যেন আমাদের প্রতিপক্ষ। তারা আমাদের মাঠে থাকতে দিচ্ছে না। যেখানে আমাদের নেতাকর্মী, প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড কী করে থাকল? আমরা তো নির্বাচনের জন্য আছি। আমাদের মাঠে থাকতে দিতে হবে।

বিএনপির এই ভাইস চেয়ার?ম্যান বলেন, সচিব আমাদের জানিয়েছেন, বিএনপির অভিযোগগুলো কমিশনের কাছে তোলা হবে। আমরা বলেছি, পুলিশ তো কমিশনের কথা শুনছে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা পাপেট। এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামান। না হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

ইসিতে বিএনপির লিখিত অভিযোগে নোয়াখালী-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর পুলিশের গুলিবর্ষণ, ঢাকা-৮ আসনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলা, পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির স্ত্রীর ওপর হামলার ঘটনা ছাড়াও বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

এদিকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার ছেলে ব্যারিস্টার সাকিব মাহবুব গতকাল ইসিতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ অস্ত্র ব্যবহার করে মাহবুব উদ্দিন খোকনকে সরাসরি হত্যাচেষ্টায় জড়িত। ওই ওসিকে দ্রুত প্রত্যাহার করে ১২ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।