ড. কামাল হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা

জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুসসালাম থানায় মামলা হয়েছে। শনিবার রাত ১২টায় এ মামলা দায়ের করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম থানার ওসি মোঃ সেলিমুজ্জামান। তিনি বলেন, মামলায় ১২ জন নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরো অজ্ঞাত আসামি রয়েছে। গতকাল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ওসি জানান, মামলার আসামিদের মধ্যে রয়েছেন- দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক  ইসলাম, দারুসসালাম থানা ছাত্রলীগের নাবিল খান, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী সোহেল, দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের জুয়েল ও শেখ ফারুক। এছাড়াও শাহআলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দফতর সম্পাদক রনি, ছাত্রলীগ কর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শুভর নাম উল্লেখ করা হয়েছে।