আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারতের নির্বাচন কমিশন। দেশটির প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর সঙ্গে গত বুধবার বৈঠক হয়। এরপরই পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। রবিবার বাংলাদেশ হাই কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নয়াদিল্লি থেকে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা বাসস।
খবরে বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচনের কাছাকাছি সময়ে ভারতের নির্বাচন কমিশন ৩ থেকে ৪ সদস্যের পর্যবেক্ষক পাঠাবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এরই মধ্যে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশনকে বলেছে ভারত সরকার। এর পাশাপাশি ভারতের একদল সাংবাদিকও বাংলাদেশের নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আসবেন।
এরই মধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা হাই কমিশনে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেছেন। বাংলাদেশ হাই কমিশনের সূত্র জানিয়েছে, বিবিসি, সিএনএন, ডয়েচে ভেলেসহ বিদেশি ও স্থানীয় গণমাধ্যমের ৪০ জনেরও বেশি সাংবাদিকের ভিসার আবেদন পেয়েছেন তারা। এছাড়া কলকাতাভিত্তিক একদল সাংবাদিক ঢাকায় যাবেন আলাদাভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে ইউরোপিয়ান পার্লামেন্ট জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে।