রংপুর বিভাগের আট জেলায় আড়াই হাজার ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রংপুর বিভাগের আট জেলায় ৩৩টি সংসদীয় আসনে ৪২৯৬টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে আড়াই হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রংপুর বিভাগীয় পুলিশ। এসব কেন্দ্রে   বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রংপুর রেঞ্জের ডিআইজি  দেবদাস ভট্টাচার্য্য জানিয়েছেন। রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক জানান, যে কোনো ধরনের নাশকতাসহ ভোট সংশ্লিষ্ট কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা কঠোর হাতে দমন করা হবে। এজন্য মাঠে  সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহতাবউদ্দিন জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রংপুর বিভাগে উত্সবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আনসার ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক পবিত্র কুমার সাহা জানান, শান্তিপূর্ণ সংসদ নির্বাচন উপহার দিতে আনসার ভিডিপি বাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে, আট জেলায় ২১৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে ভোট চেয়ে বাড়িবাড়ি চষে বেড়াচ্ছেন।