একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল ১৬ ডিসেম্বর রবিবার আনন্দ উল্লাস করেছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এবং গত শুক্রবার খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার গণসংযোগে অংশ নেয়ায় এ আনন্দঘন অবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে জাতীয় বিজয় দিবস অপরদিকে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী একজোট হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ায় নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছে। গতকাল রবিবার তারাব পৌরসভার দক্ষিণ রূপসীতে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সামসুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা হাজী প্রমুখ।
সভায় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, স্থানীয় পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। অন্যথায় আইন- শৃঙ্খলার অবনতি হলে তাদেরকেই দায়িত্ব নিতে হবে।
কাজী মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগের বাঁধার মুখে শান্তিপূর্ণভাবে গণসংযোগ করা যাচ্ছে না। ধানের শীষের পোস্টার তারা ছিঁড়ে ফেলছে। দেশের সার্বিক উন্নয়নে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এবারের নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে হবে।