গণতন্ত্রকে টুঁটি চেপে ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে --------- জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ঢাকা-১২ আসনে গণতান্ত্রিক বাম জোটসমর্থিত ‘কোদাল’ প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনও প্রতিষ্ঠা হয়নি। বরং গণতন্ত্রকে টুঁটি চেপে ধরে হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ঢাকা-১২ সংসদীয় আসনের ২৫ ও ২৬ নং ওয়ার্ডের নাখালপাড়া-তেজকুনী পাড়া-তেজতুরী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি একথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে,  কেবল ‘একটি দলই’ নির্বাচনে অংশ নিচ্ছে। কেননা শনিবার রাতেও যখন গণসংহতি আন্দোলনের কর্মীরা ২৫নং ওয়ার্ডে পোস্টার-ফেস্টুন লাগাচ্ছিলেন, তখন সেখানে পুলিশ ও ছাত্রলীগকর্মীরা মোটরসাইকেলে এসে বাধা দেয়। সরকার দলীয় প্রার্থীরা ছাড়া অন্য বিরোধীদলীয় প্রার্থীদের প্রচার মিছিলের ওপর সরকারদলীয় নেতাকর্মীরা দফায় দফায় হামলা করছে। এমনকি প্রচারমিছিলে গুলি করে আহত করছে, হামলা-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশনে আমাদের অভিযোগগুলো জমা দিলেও তারা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।