আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের মতো পুরো জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধীদের পরাজিত করবে। গতকাল রবিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এবং স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির নেতৃত্বে রয়েছে বিএনপি। তিনি আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মতো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শুভ শক্তির কাছে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অশুভ শক্তি ৩০ ডিসেম্বরের নির্বাচনেও পরাজিত হবে।