গরুতে ফসল নষ্ট করায় সংঘর্ষ, নিহত ২

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া গ্রামে গরুতে জমির ফসল নষ্ট করায় দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দীপংকর তংচঙ্গ্যা (২৮) ও শ্রীকান্ত তংচঙ্গ্যা (২২)। এ ঘটনায় আহতরা হলেন, সোনা বালা তংচঙ্গ্যা ও প্রশান্ত তংচঙ্গ্যা।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দীপংকর তংচঙ্গ্যার ও প্রশান্ত তংচঙ্গ্যার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে একে অপরের লোকজন নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন জখম হন। আহতদের বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপংকর তংচঙ্গ্যা ও শ্রীকান্ত তংচঙ্গ্যাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও মেধা তালিকায় ১২তম স্থান অর্জন!

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত দীপংকর গ্রাম পুলিশ সদস্য ও শ্রীকান্ত তংচঙ্গ্যা ছাত্র। আহতদের বিলাইছড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম