আগামীকাল ১৮ ডিসেম্বর মঙ্গলবার উদযাপিত হবে সুপ্রিম কোর্ট দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, স্মারকগ্রন্থ ও স্মরণিকা প্রকাশ করা হবে। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে প্রথম সুপ্রিম কোর্টের যাত্রা শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদ্বোধন ঘোষণা করেন। সেই হিসাবে ২০১৭ সাল থেকে ওই দিনটিকে সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। ওই বছরের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেই হিসেবে এ বছর দ্বিতীয়বারের মতো এই দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি পালন উপলক্ষে কাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ছাড়াও সিনিয়র আইনজীবীরা অনুষ্ঠানে যোগ দেবেন। সুপ্রিম কোর্টের জাজেস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ কারণে ওইদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বেলা ১২টার মধ্যে সম্পন্নের জন্য বিচারপতিদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
এর আগে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে রক্তদান কর্মসূচি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে ও ল’ ইয়ার্স মেডিটেশন সোসাইটির পক্ষ থেকে এ রক্তদান কর্মসূচি চলবে। এছাড়া সুপ্রিম কোর্ট স্মারকগ্রন্থ এবং সাবেক ও বর্তমান বিচারপতি ছাড়াও আইনজীবীদের লেখা নিয়ে ওইদিন একটি স্মরণিকাও প্রকাশিত হবে বলে ইত্তেফাককে জানান হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।