শাহজাদপুরে রেললাইনের দাবিতে আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুরে হয়ে পাবনার ঢালার চর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবিতে তারা এ মানববন্ধন করেন।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সংগঠনের সভাপতি এ্যাড. ফজলুল হকের সভাপতিত্বে সিনিয়র আইনজীবী এ্যাড. আনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল আজিজ, শাহজাদপুর আদালতের আইনজীবী কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাভলু, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. কবীর আজমল বিপুল, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেন, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শাহজাদপুর হচ্ছে কৃষি, তাঁত, গো শিল্প সমৃদ্ধ বাংলাদেশের একটি বৃহৎ জনবহুল উপজেলা। এখানেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ অনেক ঐতিহাসিক স্থাপনা ও হাট রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও ভালো। তবে আমরা শুধু পিছিয়ে আছি রেল যোগাযোগের ক্ষেত্রে।'
আরও পড়ুন: কিশোরগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ড
তারা বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপন করা হোক। এই রেলপথ স্থাপন হলে এই অঞ্চলের মানুষ সারা দেশের সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা তৈরি করবে।'
ইত্তেফাক/নূহু