কুড়িগ্রাম-১: ভোটের লড়াই হবে ত্রিমুখী

নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ১টি পৌরসভা ও ২৪ ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন কুড়িগ্রাম-১। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৮ জন প্রার্থী থাকলেও লড়াই হবে মূলত নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর মধ্যে। এমনটাই মনে করছেন নির্বাচনী ওই এলাকার ভোটাররা।

জানা গেছে, এ আসনে সংসদ সদস্য পদে প্রার্থিতার জন্য গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র ১ জনসহ বিভিন্ন দলের ১০ জন প্রার্থী। যাচাই-বাছাইয়ে বাদ পরেন স্বতন্ত্র প্রার্থী ওসমান গণি। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপি নেতা সাইফুর রহমানের স্ত্রী শামীমা রহমান। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের আছলাম হোসেন সওদাগর (নৌকা), বিএনপির সাইফুর রহমান রানা (ধানের শীষ), জাতীয় পার্টির এ.কে.এম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল), জাতীয় পার্টির (জেপি) রশীদ আহম্মেদ (সাইকেল), ন্যাশনাল পিপলস পার্টির জাহিদুল ইসলাম (আম), জাকের পার্টির আব্দুল হাই (গোলাপ ফুল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের আব্দুর রহমান প্রধান (হাত পাখা), বাংলাদেশ তরিকত ফেডারেশনের কাজী লতিফুল কবির (ফুলের মালা)। প্রত্যেকেই দিচ্ছেন উঠোন ও খুলি বৈঠক। বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

আরো পড়ুন: ফরিদপুর-৪ আসনে নৌকা ও সিংহ প্রতীকের সমর্থকদের মাঝে আবার সংঘর্ষ

অনেকদিন পর এ আসনে নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বসিত আওয়ামী লীগের ভোটার ও সমর্থকরা। এর আগে মহাজোটের কারণে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে এ আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। পরপর নির্বাচিত হন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এ কে এম মোস্তাফিজুর রহমান। মহাজোট এবারে এ আসনটি উন্মুক্ত করে দেওয়ায় আওয়ামী লীগ প্রার্থী আছলাম হোসেন সওদাগর নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ভোটের মাঠে আছেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা। নির্বাচনী মাঠে সমান তালে দৌড়চ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি মনোনীত প্রার্থী। শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াই হতে পারে।

এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬১ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২৭ হাজার ৮৫৮ ও মহিলা ভোটার ২ লক্ষ ৩৩ হাজার ৬৫৮ জন।

ইত্তেফাক/বিএএফ