রংপুরের কাউনিয়ায় রিকশা চালকের স্ত্রী আনিছা বেগম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আনিছা বেগম বর্তমানে ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ডায়াবেটোলজিস্ট ডাক্তার মো. কামরুজ্জামান সরকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
গত দুই বছর ধরে অসুস্থ স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে রিকশা চালক স্বামী সজীব মিয়া ভিটেমাটি বিক্রির উপক্রম হয়ে পড়েছেন।
জানা যায়, উপজেলার ৪ নং শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের রিকশা চালক সজীব মিয়া দুই সন্তানের জনক। প্রথম সন্তান আতিকুর কলেজে পড়লেও দ্বিতীয় সন্তান ফাতেমা অজানা এক রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাগত।
সজীব মিয়া জানান, স্ত্রীর চিকিৎসাই চালাতে পারছি না তাই ছেলের পড়ালেখাও বন্ধ হয়ে গেছে। তাছাড়া স্ত্রীর চিকিৎসায় প্রতিদিন লাগছে প্রায় সাড়ে তিন হাজার টাকা। এছাড়াও চারপাশে রয়েছে ঋণের বোঝা। এ অবস্থায় স্ত্রীকে বাঁচাতে এবং ছেলের লেখাপড়ার খরচ চালানোর জন্য সমাজের হৃদয়বান ও দয়াশীল ব্যক্তিদের নিকটে সাহায্য প্রার্থনা করেছেন। সাহায্য পাঠাতে চাইলে বা যে কোনো রকম সহযোগিতার জন্য ০১৯২৩৮২০৬৭৪ (সজীব মিয়া) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ