নবাবগঞ্জে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। দুই দিনেও সন্ধান মেলেনি মা বাবার। রবিবার দুপুর ২টার দিকে টিকরপুর গ্রামের কাস্টম অফিসার বাবুলের বাড়ির পাশের একটি জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানাধীন গালিমপুর তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক রুহুল আমিন শিকদার জানান, দুপুর ২টার দিকে টিকরপুর গ্রামের কাস্টম অফিসার বাবুল সাহেবের বাড়ির পাশে একটি জঙ্গলে এক নবজাতক কান্না করছে বলে ওই গ্রামের আয়শা বেগম নামে এক নারী পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও দেখাশুনার জন্য ভর্তি করে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানে জানাজা সম্পন্ন

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, শিশুটি কোথা থেকে এবং কিভাবে এলো জানার চেষ্টা চলছে। অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু