ডিজিটাল নির্বাচনী প্রচারণা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল প্রচারণা দেখা যাচ্ছে। ৩০ ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ একটি অ্যান্ড্রয়েড ভিত্তি নির্বাচনী অ্যাপ চালু করেছে। এই অ্যাপ এর নাম প্রাথমিকভাবে ‘এসটিএসসি’ রাখা হলেও পরবর্তীতে এটির নাম রাখা হয় ‘জয়বাংলা’। অ্যাপটি দেয়া হয়েছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি (এসটিএসসি) থেকে। সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ডিজিটাল নির্বাচন ক্যাম্পেইন শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন কমিটি-২০১৮ এর আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি মোস্তফা জব্বার। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। অনুষ্ঠানে অ্যাপটি সম্পর্কে উপস্থাপনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর মাহফুজুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এই অ্যাপটির নাম রাখা হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাব-কমিটি বা সংক্ষেপে এসটিএসসি।’ ইতোমধ্যে অ্যাপটি জয়বাংলা নামে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। 

এই অ্যাপ এর মাধ্যমে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা নিজেদের সঙ্গে ওয়ান টু ওয়ান, নির্বাচনী এলাকা ভিত্তিক, সাধারণ এলাকাভিত্তিকসহ পুরো বাংলাদেশে একে অপরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং কমন প্লাটফর্মের মাধ্যমে দলের পয়োজনে কোনো খবরকে ভাইরাল করা এই অ্যাপের অন্যতম উদ্দেশ্য বলে জানান প্রফেসর মাহফুজুল। এ অ্যাপের মাধ্যমে দলের অন্তত এক কোটি কর্মী সমর্থকদের সঙ্গে সংযুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা  আছে বলেও জানান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর মাহফুজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জব্বার বলেন, ‘৭০ এর নির্বাচন আর এবারের ২০১৮ সালের নির্বাচন এক নয়। এ নির্বাচনে শুধু বাসায় বাসায়ে গিয়ে ভোট পাওয়া যাবে না। ১০ কোটি ভোটারের মধ্যে প্রায় চার কোটি ভোটার এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। তাই এই মাধ্যমকে ব্যবহার করতে হবে ও প্রথাগত নির্বাচনের পাশাপাশি ডিজিটাল প্রচারণা চলবে।’