‘ফুরুত্-এ আমি হয়তো অভিনয় করবো না’

বিনোদন রিপোর্ট

 

প্রথম প্রযোজিত ছবির আলোচনা শেষ না হতেই দ্বিতীয় ছবির ঘোষণা দেন জয়া আহসান। জয়ার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ থেকে নতুন ছবি ‘ফুরুত্’-এর ঘোষণা দেন। যা নিয়ে বিস্তারিত এখনই জানাচ্ছেন না তিনি। তবে ‘দেবী’র মতো এবারও যে নতুন কোনো চমক নিয়ে আসছেন তার আভাস দিয়েছেন তিনি। একটি আধুনিক রূপকথার গল্প দেখা যাবে ছবিটিতে। নতুন বছরে নতুন চমক দেখাবেন জয়া। আর নতুন ছবিতে জয়া অভিনয় না করা সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘আসলে যেহেতু কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি তাই আমি চূড়ান্ত কিছু বলতে পারছি না। তবে ‘ফুড়ুত্’-এ আমি হয়তো অভিনয় করবো না। গল্পের সঙ্গে মানাবে এমন কাউকে পেলে সেই অভিনয় করবে।’ বাংলাদেশের গন্ডি পেরিয়ে জয়া আহসান এবার পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকে। সেখানে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ১৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জয়া আহসানের প্রথম চলচ্চিত্র ‘দেবী’র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জয়া। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই শোর শুরুতে জয়া আহসানের অনুরোধে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া একই দিন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের মৃত্যুতে জয়া আহসান স্মরণ করেন এই গুণী নির্মাতাকে। ‘দেবী’র সেদিনের প্রদর্শনী আমজাদ হোসেনকে উত্সর্গ করেন জয়া। চলচ্চিত্র প্রদর্শনী শেষে লং আইল্যান্ড সিটির একটি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।