বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার পলাতক চার আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার পাঁচ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে আসামিরা পলাতক থাকায় তাদের খুঁজে পাওয়া যায় নাই মর্মে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে এবং আসামিদের হুলিয়া ও ক্রোকী পরোয়ানা ইস্যুর আবেদন করে। পলাতক চার আসামি হলেন—এহতেশামুল রাব্বি তানিম (সিই বিভাগ, ১৭তম ব্যাচ), মের্শেদ উজ জামান জিসান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), মোর্শেদ অমর্ত্য ইসলাম (এমই বিভাগ, ১৭তম ব্যাচ) এবং মুজতবা রাফিদ (কেমিকৌশল)। এই চার আসামির বিরুদ্ধে যথাক্রমে নীলফামারির সৈয়দপুর থানা, দিনাজপুরের কোতোয়ালি থানা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা ও রংপুরের কোতোয়ালি থানা আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে।