সাভারে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

সাভারে একটি যাত্রীবাহী বাস উল্টে ওই বাসের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে আরো ২০ জন যাত্রী আহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুরের চন্দ্রা থেকে সাভার যাচ্ছিলো। বাসটি মহাসড়কের বিপিএটিসির সামনে পৌঁছলে সড়কের গতিরোধক বিটের কারণে ড্রাইভার হঠাৎ বাসটির গতি কমিয়ে দেন। ফলে দ্রুতগতিতে থাকা বাসটি হঠাৎ ব্রেক কারার কারণে মহাসড়কের উপর উল্টে যায়। এ সময় ওই বাসের একজন মহিলা যাত্রী ও তার কোলে থাকা মেয়ে শিশু বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো অন্তত ২০ যাত্রী। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: মরে গেলেও নির্বাচন বর্জন করবো না: কামাল হোসেন

এদিকে যাত্রীবাহী বাস মহাসড়কের উপর উল্টে যাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। সড়ক দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি।

ইত্তেফাক/বিএএফ