মুগাবের ১০ মিলিয়ন ডলারের মালিক নেই!

জিম্বাবুয়ের জাতির পিতা ও স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ১০ মিলিয়ন ডলারসহ কিছু সম্পত্তি রেখে গেছেন। এসব অর্থ ও সম্পত্তি কাউকে তিনি উইল করে যাননি। ফলে এর মালিকও নেই। খবর আল জাজিরার

রাষ্ট্রীয় হেরাল্ড পত্রিকা জানিয়েছে, মুগাবের মেয়ে বোনা চিকোরি আদালতে এই সম্পত্তির তথ্য প্রকাশ করেছেন। কারণ সম্পত্তির মালিকানা কিভাবে নির্ধারিত হবে সেই বিষয়ে সমাধান তারা করতে পারেননি। স্থানীয় কমার্শিয়াল ব্যাংকে বৈদেশিক মুদ্রায় এসব অর্থ রাখা আছে।

জিম্বাবুয়ের স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে চলতি বছরের ৬ সেপ্টেম্বর ৯৫ বছর বয়সে মারা যান। ৩৭ বছর ক্ষমতায় থাকার পর ২০১৭ সালের নভেম্বরে সেনা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে।

জিম্বাবুয়ের স্বাধীনতার পর প্রথম নির্বাচনে ১৯৮০ সালে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন রবার্ট মুগাবে। ১৯৮৭ সালে প্রধানমন্ত্রীর দপ্তর বিলুপ্ত ঘোষণা করে প্রেসিডেন্ট হন।

আরো পড়ুন: ধূমপান না করলে মিলবে ৬ দিন ছুটি!

১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্মগ্রহণ করেন মুগাবে। ১৯৭৩ সালে কারাগারে থাকাকালীন সময়েই জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ওই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। স্বাস্থ্য ও শিক্ষা খাতে কৃষ্ণাঙ্গদের যুক্ত করে প্রশংসা কুড়িয়েছিলেন মুগাবে।

আফ্রিকা থেকে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দূর করতে মুগাবে বড় ভূমিকা পালন করেছিলেন বলে মনে করা হতো। এজন্য তিনি পুরো আফ্রিকায় নায়কের সম্মান পেতেন। সেই মুগাবেই পরিণত হয়েছিলেন স্বৈরশাসক। ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে একসময়ের সমৃদ্ধশালী জিম্বাবুয়েকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন তিনি। জিম্বাবুয়েকে বহু বছর তাড়া করে বেড়াবে মুগাবের রাজনীতির লিগ্যাসি।

ইত্তেফাক/এমআর