রেলপথ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার থেকে সেবা সপ্তাহ শুরু হয়েছে। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সেবা সপ্তাহ উপলক্ষে স্টেশনেই ফ্রি মেডিকেল চেকআপেরও ব্যবস্থাও রয়েছে। বুধবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ।
তিনি বলেন, যাত্রীদের চাহিদা খুবই সীমিত। তারা স্টেশনে এসে ঠিকমতো টিকিট পেতে চান, ট্রেন ও স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন দেখতে চান আর রেলের কর্মকর্তা-কর্মচারীদের ভালো আচরণ আশা করেন। কিন্তু অতীতে তা ঠিক মতো বাস্তবায়ন হয়নি। তবে এখন যে কোনো সময়ের তুলনায় স্টেশন ও প্লাটফর্মগুলো পরিস্কার-পরিচ্ছন্ন। টিকিট নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়েছে, যাতে তারা যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করেন। পরে জিএম প্লাটফর্মে গিয়ে রেলওয়ের যাত্রীদের সঙ্গে কথা বলেন ও তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। বিশেষ করে চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া এবং জীবনের ঝুঁকি নিয়ে রেলের ইঞ্জিন বা ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীদের আহ্বান জানান। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রেলওয়ে সেবাসপ্তাহ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
ইত্তেফাক/আরকেজি