মেসির জাদুকরী এক রাত

বার্সেলোনা ৫ ** লেভান্তে ০

 স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির হ্যাটট্রিকে বার্সেলোনা আবারো স্প্যানিশ লিগের শীর্ষে উঠে এলো। লিগে এটি তার ৩১তম হ্যাটট্রিক। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড গত রবিবার রাতে লেভান্তের বিরুদ্ধে ৫-০ গোলের জয়ে শুধু নিজেই নয় সতীর্থদের দিয়েও করিয়েছেন আরো দুইটি।

বর্তমান চ্যাম্পিয়নদের ঠিক পেছনেই আছে সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ। উভয় দলই এ রাউন্ডে নিজ নিজ খেলায় জিতে শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সাথে টেক্কা দিচ্ছে। চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

এত কিছুর মধ্যেও এই রাতে সব আলো কেড়ে নেন একা মেসিই। যদিও দলের হয়ে তার ক্রস থেকে গোলের সূচনা করেছিলেন লুই সুয়ারেজ। তারপর একে একে ৪৩, ৪৭ ও ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বার্সা অধিনায়ক। সবশেষে জেরার্ড পিকের করা দলের পঞ্চম গোলটিতেও বল বাড়িয়ে দেন তিনি।

মেসি হ্যাটট্রিকটির সুবাদে এক পঞ্জিকা বর্ষে ক্লাব ও দেশের হয়ে ৫০ গোল করার কৃতিত্ব দেখালেন। এর মধ্যে চারটি হলো আর্জেন্টিনার হয়ে। গত নয় বছরে এ নিয়ে আটবার অমন কৃতিত্ব দেখালেন তিনি। লা লিগায় বার্সেলোনার হয়ে এটা মেসির ৩২৩তম জয়। ক্লাবের হয়ে আগে রেকর্ডটি ছিল জাবির। এখন তিনি একটি বেশি জয় নিয়ে নতুন রেকর্ডধারী।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ও তার বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ মিলে চলতি লিগে এখন পর্যন্ত ২৫ গোল করেছেন। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের গোলের চাইতে যা একটি বেশি।

তাছাড়া চলতি মৌসুমে দুর্দান্ত খেলছেন মেসি। তার ধারে কাছে নেই কেউ। এবারের লিগে ১৪ ম্যাচ খেলেছেন তিনি। একটিতে নেমেছিলেন বদলি হিসেবে। তার মধ্যেই মেসির গোল ১৪টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি। ইউরোপে চার খেলায় ছয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি। এই খেলাগুলোর মধ্যেও একটিতে নেমেছিলেন বদলি হিসেবে।

লেভান্তে অবশ্য শেষ ১৪ মিনিট দশজন নিয়ে খেলেছিল। ততক্ষণে যদিও চার গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা।

গত মৌসুমে লিগে নিজেদের প্রথম ৩৬ ম্যাচে অপরাজিত থেকে লেভান্তের মাঠে খেলতে নেমে ৫-৪ গোলে হেরেছিল বার্সেলোনা। ওই আসরে সেটাই ছিল তাদের একমাত্র পরাজয়। গোল উত্সবে প্রতিশোধটা দুর্দান্ত হলো বর্তমান চ্যাম্পিয়নদের।

এ জয়ে ১৬ খেলা শেষে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ফিরলো কাতালান ক্লাবটি। সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ৩১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে সেভিয়া। অপরদিকে ২৯ পয়েন্ট নিয়ে এদের পেছনে আছে রিয়াল।