স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্বের খেলা আগামীকাল বুধবার থেকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। উভয় গ্রুপে এগার জেলার ২২টি চ্যাম্পিয়ন দল নক আউট ভিত্তিতে খেলবে।
উদ্বোধনী দিনে খেলা হবে ছয়টি। ঐদিন সকাল ৯টায় বঙ্গমাতা ফুটবলের উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি খেলবে কুমিল্লার বিপক্ষে। বঙ্গবন্ধু ফুটবলের উদ্বোধনী খেলায় নোয়াখালীর মোকাবেলা করবে কক্সবাজার। ২২ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা। এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকা। অন্যদিকে চ্যাম্পিয়ন দলের প্রতি খেলোয়াড়দের জন্য ২ হাজার টাকা করে, বিজিত দলের প্রতি খেলোয়াড়ের জন্য দেড় হাজার টাকা করে এবং ৩য় স্থান লাভকারী দলের প্রতি খেলোয়াড়ের জন্য রয়েছে এক হাজার টাকা করে। এছাড়া টুর্নামেন্টের ২২টি খেলার জন্য রয়েছে দুই লাখ ৪০ হাজার টাকা।
গতকাল সোমবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোঃ সুলতান মিয়া টুর্নামেন্টের বিভিন্ন তথ্যাদি জানান। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির আহবায়ক নাসরিন সুলতানা, কমিটির সদস্য সচিব তাপস কুমার পাল, বিভাগীয় কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মামুন কবির, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।