রাবিতে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব শুরু ৬ ডিসেম্বর

‘বিজয়ের রঙে শাণিত হোক যুক্তির মহাকাল’ শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) দুই দিনব্যাপী ৫ম জাতীয় বিতর্ক উৎসব-২০১৯ শুরু হতে যাচ্ছে আগামী ৬ ডিসেম্বর (শুক্রবার)। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী এ বিতর্ক উৎসবে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন বিতার্কিক অংশ নিচ্ছেন। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এসব তথ্য নিশ্চিত করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এজাজ আহমেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, শুক্রবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল সিরাজী ভবনে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া। 

অনুষ্ঠানের শেষ দিন শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে বিতর্ক উৎসবের ফাইনাল ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, বিশেষ অতিথি হিসেবে রাবি উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু।

আরও পড়ুন: জবি আন্তঃবিভাগ ক্রিকেটে সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন

উল্লেখ্য, গ্রুপ অব লিবারেল ডিবেটারস (গোল্ড) বাংলাদেশ ২০০৫ সাল থেকে ক্যাম্পাসে নিয়মিত বিতর্ক চর্চা ও প্রতিযোগিতার আয়োজন করছে। এছাড়া জাতীয় পর্যায়ে বিভিন্ন বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের  গুণাবলি বিকাশের পাশাপাশি যুক্তিবাদী সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে আসছে। 

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, সংগঠনটির সাবেক সভাপতি সোহরাব হোসেন ও সহ-সভাপতি আলী ইউনুস হৃদয়। 

ইত্তেফাক/এএএম