জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে পরিসংখ্যান বিভাগকে ২৪ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় পরিসংখ্যান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তারা।
ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর জড়ো করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। দলের হয়ে মাহমুদুল হাসান ৯৬, আবু সালেহ আতিফ ৬১ ও সাজেদুল ইসলাম সুকর্ণ ১৯ রান করে। পরিসংখ্যান বিভাগের হয়ে রাহাত ও আদনান উভয়ই দুটি করে উইকেট নেন।
আরও পড়ুন: দুই ইউনিটে ফেল করা ভর্তিচ্ছু অন্য ইউনিটে রেকর্ড মার্কস নিয়ে প্রথম!
পরে পরিসংখ্যান বিভাগ ২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের হয়ে পারভেজ ৪৯, সিয়াম ৩৭ ও রনি ৩৩ রান করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হয়ে মাহমুদুল হাসান দুই, সুব্রত, বিপ্লব, সুকর্ণ, নাসিম একটি করে উইকেট নেন।মাহমুদুল হাসান ফাইনাল ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।
ইত্তেফাক/এএএম

