রয়টার্স
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত রবিবার প্রথমবারের মতো বলেছেন যে তাঁর সরকার সৌদি আরবের সঙ্গে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তি থেকে বের হবার পথ খুঁজছে।
এর আগে ট্রুডো বলেছিলেন ১৩শ কোটি ডলারের এই অস্ত্র চুক্তি থেকে বের হলে কানাডার বিপুল আর্থিক ক্ষতি হবে। এবার সৌদির ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিলেন ট্রুডো। এর আগে তিনি বলেছিলেন কানাডা থেকে কেনা অস্ত্রের অপব্যবহার হওয়ার সম্ভাবনা দেখা দিলে প্রয়োজনীয় কিছু রপ্তানি বন্ধ করে দেবে দেশটি।
জাস্টিন ট্রুডো রবিবার বলেন, এই অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় কিনা আমরা তা বিবেচনা করছি। কানাডার রাজনৈতিক দলগুলো জামাল খাশোগি হত্যা এবং ইয়েমেনে সৌদি হামলার কারণে এই চুক্তি বাতিল করার জন্য চাপ দিচ্ছে। সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ বছরের শুরু থেকে দেশটির সঙ্গে বাদানুবাদ চলছে কানাডার। সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি কনস্যুলেটে হত্যার পর সৌদির বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করছে কানাডা। প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, সৌদি কনস্যুলেটে সাংবাদিককে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই প্রথম থেকেই সৌদির কাছে এর জবাব চাচ্ছে কানাডা।