ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নে বুধবার সন্ধ্যায় কলেজছাত্র তুহিন ব্যাপারী (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে নিহতের মামা ফারুক মিয়া ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত কলেজছাত্র তুহিন ব্যাপারী সদরপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আটরশি গ্রামের নজরুল ব্যাপারীর ছেলে ও সদরপুর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তুহিন তার নানা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মানিক মিয়ার বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নরুল্লাগঞ্জ গ্রামে থেকে লেখাপড়া করতেন।
থানার উপ-পরিদর্শক মানিক মিয়া জানান, গত ৬/৭ মাস আগে বাইশরশি স্কুল মাঠে একটি ফুটবল খেলার ম্যাচকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারামারি হয়। সেসময় মানিকদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ দুপক্ষকে ডেকে ঘটনার মীমাংসা করে দেন। বুধবার সন্ধ্যা মানিকদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব মিয়ার বাড়িতে একটি ওরশ মাহফিলের অনুষ্ঠানে যোগ দেয় তুহিন ও তার কয়েক বন্ধু। সেসময় পুর্ব শত্রুতার জের ধরে এলাকার কতিপয় দুর্বৃত্ত তুহিন ও তার বন্ধুদের মারধর করেন। একপর্যায় তুহিন দৌড়ে পালাতে গেলে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সামনে থেকে রাতের আধারেই তার গলায় ছুরি মেরে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। গুরুতর আহত অবস্থায় তুহিনকে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মানিকদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা এলাকার পরিবেশ শান্ত রেখেছি তবে হত্যার সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
ইত্তেফাক/এএম