আরটিজিএসে লেনদেন এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে

ইত্তেফাক রিপোর্ট

গত নভেম্বরে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) মাধ্যমে লেনদেন এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। আগের মাস অক্টোবরে লেনদেন ছিল ৮৬ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রুটির কারণে গত মার্চে লেনদেন কমে দাঁড়িয়েছিল ৮ হাজার ১৪২ কোটি টাকায়। এখন প্রতি মাসে এ লেনদেন বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম খরচ ও তাত্ক্ষণিক পরিশোধের সুযোগের ফলে অনলাইনে ব্যবসায়িক পরিশোধের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম এখন আরটিজিএস। গত জানুয়ারিতে এ ব্যবস্থায় এক লাখ ৮৫ হাজার ৪৫৫ কোটি টাকার লেনদেন হয়। তবে ফেব্রুয়ারিতে সার্ভারে ত্রুটি দেখা দিলে লেনদেন ব্যাপক কমে যায়। ওই মাসে  কমে ১৫ হাজার ৩৫০ কোটি টাকায় নেমে আসে। এর পরের মাস মার্চে লেনদেন আরও কমে যায়। এরপর গত জুলাইয়ে সার্ভার পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপর থেকে এ মাধ্যমে লেনদেন প্রতিনিয়ত বাড়ছে।